০৪ মে ২০২৬, ১৭:২২

দ্বিতীয় মেয়াদে বিইউপির ভিসি হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল মাহবুব

মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম  © টিডিসি সম্পাদিত

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমকে নিয়োগ দিয়েছে সরকার। ২০২৫ সালের ৫ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে আজ সোমবার (৪ মে) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ আইন, ২০০৯ এর ১১ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩৯৬১ মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডিকে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিচের শর্তে পুনরায় নিয়োগ প্রদান হলো। 

শর্তের মধ্যে রয়েছে- ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৩ বছর হবে; তিনি ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের অব্যাহতি পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০২২ সালের ২৯ মার্চ মেজর জেনারেল মাহবুবকে প্রথমবারের মতো ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তিন বছরের এই নিয়োগ শেষ হয়েছে ২০২৫ সালে এপ্রিলে। যদিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য বলছে, বর্তমানে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল মাহবুব।