জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই জবি ছাত্রীকে সাময়িক বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের ওপর থাপ্পড় মারার ঘটনায় ছাত্রদল প্যানেল থেকে হল সংসদের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ফাইনালে ওঠা একটি দল নিয়ম অনুযায়ী একই বিভাগের না হওয়ায় অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় নেলী ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারেন। পরে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক দুই দফা আল্টিমেটাম দেওয়া হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, আমরা এ ধরনের কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। পাশাপাশি কখনো ছোট হিসাবেও নেব না এটাকে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওপর একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর সবার সামনে কখনোই গায়ে হাত তুলতে পারে না, এটি অবশ্যই অন্যায়। আমরা যে কোন ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না।