০২ মে ২০২৬, ২৩:১৩

খুবিতে ‘চা গরম’ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘চা গরম’ চলচ্চিত্র প্রদর্শনী  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে জনপ্রিয় ওয়েব চলচ্চিত্র ‘চা গরম’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্রচর্চা, সামাজিক সচেতনতা এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো।

আয়োজক সূত্রে জানা যায়, চোরকি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি প্রথমে সকাল ১১টায় ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয়। পরে বিকেল ৪টায় সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রদর্শনী শেষে চলচ্চিত্রটি নিয়ে আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চলচ্চিত্রের কাহিনী, নির্মাণশৈলী এবং এর সামাজিক বার্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসাইন শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই আয়োজনটি আমাদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ভবিষ্যতে চলচ্চিত্র নেটওয়ার্ক ও ইন্ডাস্ট্রির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে সহায়ক।

ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম মাহিন বলেন, “চলচ্চিত্রটি আমাদের পিছিয়ে পড়া সমাজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সহজভাবে তুলে ধরেছে। এ ধরনের মুভি স্ক্রিনিং ভবিষ্যতেও আয়োজন করা উচিত, কারণ এটি আমাদের চিন্তার পরিসরকে প্রসারিত করে এবং একাডেমিক পড়াশোনায় সহায়ক।”

উল্লেখ্য, ২০২৬ সালে নির্মিত ওয়েব ফিল্ম ‘চা গরম’-এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, সারাহ জেবিন অদিতি ও রেজওয়ান পারভেজসহ আরও অনেকে। চলচ্চিত্রটি সিলেট অঞ্চলের চা শ্রমিকদের জীবনযাত্রা ও চা বাগানকেন্দ্রিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত।