হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘হুমায়ূন মেলা’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'অনুভবে এক আকাশ হুমায়ূন' স্লোগানকে সামনে রেখে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে অনুষ্ঠিত হলো ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে মেলাটি অনুষ্ঠিত হয়। মূলত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 'ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যাবহারিক)' কোর্সের অংশ হিসেবে মেলাটি আয়োজন করা হয়।
শুরুতে সংগীত ও নৃত্যের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, নাগরদোলা ও হাঁস ধরা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে বসেছিল বিভিন্ন খাবারের দোকান, হস্তশিল্প ও অলংকারের দোকান, হুমায়ুন আহমেদের লেখা বিভিন্ন বইয়ের দোকান। এছাড়াও হুমায়ূন আহমেদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন তুলে ধরতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ডা. এজাজুল ইসলাম, অভিনেতা অধ্যাপক রহমত আলী ও অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।
আয়োজনের বিষয়ে কোর্স তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, শিক্ষার্থীদের ব্যাবহারিক কোর্সের অংশ হিসেবেই মেলাটি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ছয় মাসের পরিশ্রমের ফল এটি। 'হুমায়ূন মেলা' আয়োজনে আমাদের উদ্দেশ্য ছিল যেন হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা আশা করছি, এই মেলার মাধ্যমে সারাদেশে হুমায়ূন আহমেদের শিল্পকর্ম আবার জেগে উঠবে।