৩০ এপ্রিল ২০২৬, ২২:৪৯

এবার ‘নকল ধরার মিশনে’ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি, এক কেন্দ্র থেকে বহিষ্কার ১০

পরীক্ষা কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লা  © সংগৃহীত

পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রথমদিন আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে এ কথা বলেন তিনি।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় অসদুপায় অবলম্বনের জন্য ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

ময়মনসিংহের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, যতক্ষণ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সকলের নৈতিক উন্নয়ন হবে না, ততদিন পর্যন্ত পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া মানসম্মত হওয়ার কোন সুযোগ নেই। 

ড. আমানুল্লাহ বলেন, মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে তিনি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে নকল ধরেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পিরে বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এর মধ্যে এবার জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বিষয়টি সামনে আসল।