ইবির দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও সাইবার বুলিং, ৪ জনের নামে মামলা
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঝিনাইদহ সদর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী দুই শিক্ষার্থী এই মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উর্মিলা তন্বী ও ইশমাম হোসেন তন্দ্রাসহ চার বন্ধু মিলে ঝিনাইদহ শহরের মুজিব চত্বর সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে ঘুরতে যান।
সেখানে অবস্থানকালে স্থানীয় ১৫-২০ জন বখাটে যুবক তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি শুরু করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং সংঘবদ্ধভাবে তাঁদের ইভটিজিংসহ নানাভাবে হেনস্তা করে।
এজহারে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে অভিযুক্তরা শিক্ষার্থীদের ভয়ভীতি দেখায় এবং গায়ের পোশাক টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাঁদের বন্ধু বিএম শাকিলকে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের মাধ্যমে পুলিশকে খবর দেন। অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা সেখানে অত্যন্ত বেপরোয়া আচরণ করে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, হেনস্তার পাশাপাশি অভিযুক্তরা গোপনে তাঁদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ‘ঝিনেদার আকাশ’, ‘Creative By Prappo’, ‘নবগঙ্গা টিভি’, ‘Daily Jhenaidah’, ‘ঝিনেদার ব্রেকিং’ সহ বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে বিভ্রান্তিকর ও মানহানিকর ক্যাপশন দিয়ে সেই ভিডিও প্রচার করা হয়েছে।
এতে তাঁদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে বলে তাঁরা এজাহারে উল্লেখ করেছেন।
স্থানীয়রা বলেন, অভিযুক্ত যুবকরা প্রায়ই ওই এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষকে একইভাবে হয়রানি করে থাকে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, গতকালের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ডিউটিতে ব্যস্ত থাকায় বিস্তারিত এখনো দেখে উঠতে পারেননি। তিনি বলেন, ‘থানায় গিয়ে এজাহার খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’