১৯ এপ্রিল ২০২৬, ১৯:১৭

মাহদী আমিন ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে নেতিবাচক মন্তব্য, ছাত্রদল নেতার পদ স্থগিত

ছাত্রদল নেতা সোলাইমান চৌধুরী  © টিডিসি সম্পাদিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পদ স্থগিত করা ওই নেতার নাম সোলাইমান চৌধুরী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও তার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখার যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানতে চাইলে ছাত্রদল নেতা সোলাইমান চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রদল আমার পদ স্থগিত করেছে দেখেছি। গত দুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের অপকর্ম নিয়ে ফেসবুকে লেখালেখি করেছিলাম এজন্য এই সিদ্ধান্ত নিয়েছে। স্ট্যাটাস দেওয়ার পরে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ ভাই বলার পরে 'অনলি মি' করে রেখেছিলাম, তবে এখন আবার পাবলিক করে দিয়েছি। 

এর আগে, গত ১৮ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেন ইবি ছাত্রদলের এই নেতা।