০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে তাদের ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ০৩/০৫/২০২৬ তারিখ রবিবার থেকে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকতে হবে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্লাস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ১৪ জন ভর্তিচ্ছু। গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। 

অন্যান্য ইউনিটের মধ্যে ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়। ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকার পাশাপাশি চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে।