০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬

আইসিটি প্রশিক্ষণের আওতায় আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক

ড. এ এস এম আমানুল্লাহ  © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে ১২ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ শুরুর কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন ও ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্যও আইসিটি বাধ্যতামূলক হবে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আইসিটির ব্যাসিক কোর্স আবশ্যক থাকবে (প্রস্তাবিত)। দ্বিতীয় বর্ষের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল সোসাইটি ও ইংরেজি।

তৃতীয় বর্ষের জন্য ডাটা এনালাইটিকস, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং। মানি ম্যানেজমেন্ট, ফিনিন্সিয়াল লিটারেসি, ক্রিটিক্যাল থিকিং, লিডারশিপ ও সফট স্কিল অন বিহেভিয়ার।

জানা গেছে, আইসিটি প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৯০ জন মূল বা কোর ট্রেইনার প্রস্তুত করা হয়েছে। তারা আরও ৯০০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেন। পরে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে হবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। 

এদিকে প্রশিক্ষিত শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাধ্যতামূলক আইসিটি কোর্সে পাঠদান করবেন বলে জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৫৭টি কলেজে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই বিপুল শিক্ষার্থীকে প্রযুক্তিদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু করে জাতীয় বিশ্ববিদ্যালয়।