প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় প্রাইভেটকারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটি শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৌমিতার বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন। পরে ৩ এপ্রিল দুপুর ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি নীল রঙের টয়োটা (রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭) উদ্ধার করে জব্দ করা হয়।
এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রাইভেটকারটির চালক মো. আহাদ শেখ সৈকতকে (২৬) খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।