৩১ মার্চ ২০২৬, ১২:২৬

সচেতনতার বার্তা নিয়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করলেন ১৩ রোভার

হাঁটছেন রোভার স্কাউট সদস্যরা  © সংগৃহীত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে প্রায় ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছেন। পাঁচ দিনব্যাপী এ অভিযানে ১৩ জন রোভার অংশ নিয়ে বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গত ২৪ মার্চ ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে রোভার স্কাউট গ্রুপের ৮ জন ও গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপের ৫ জন সদস্য। তারা ঘাটাইল, মধুপুর, মুক্তাগাছা উপজেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা পরিভ্রমণ করে ২৮ মার্চ বিকেলে ক্যাম্পাসে ফিরে আসেন।

নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মাজহারুল হোসেন তোকদার জানান, প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে তারা ‘বাল্যবিবাহকে না বলুন’, ‘বৈষম্য নয় সমান অধিকার’, ‘পরিবেশ রক্ষা’, ‘মাদকবিরোধী সচেতনতা’সহ পাঁচটি সামাজিক বার্তা নিয়ে এই পদযাত্রা করেন। পথিমধ্যে তারা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এই পরিভ্রমণে গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপের অতসী সরকার, রুমা রওশন, খন্দকার সানজানা আলম অর্পা, মোছা. ফায়জুন্নাহার শান্তা ও কানিজ ফাতেমা সৃজনা অংশ নেন। এ ছাড়া রোভার স্কাউট গ্রুপের রহমতুল্লাহ, মাহিন ইসলাম, মো. নাজমুস সায়াদাত সিফাত, পুস্পেন কুন্ডু, এস. এম. মহিউদ্দিন রাহাত, মো. রকিবুল ইসলাম রবিন ও মো. সাজিদ হোসাইন এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। ফোকাল পার্সন হিসেবে নেতৃত্ব দেন সিনিয়র রোভার মেট নূর আলম নাহিদ।

উল্লেখ্য, ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ স্কাউটস-এর বিভিন্ন জাতীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।