আইনজীবী হলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী, প্রথমবারেই ৩ জন
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ৩৭ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতে প্রথম বারেই উত্তীর্ণ হয়েছেন ৩ জন শিক্ষার্থী।
জানা গেছে, সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী এ ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত রোববার (১৫ মার্চ) বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা দেশে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে নিশ্চিত করা গেছে, আইন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী এজ্জাজ মাহমুদ, ৪র্থ ব্যাচের মাসুদ রানা, ৫ম ব্যাচের সেফাতুল্লাহ সেফাত, ১১তম ব্যাচের খান জাহান, সাজ্জাদ আলম রাহুল, রেদুওয়ান দ্বীপ, সুলতান চৌধুরী, আক্তার হোসেন, কাউসার, জুলহাস, ১২তম ব্যাচের আবিদ রহমান, আব্দুল কাদের সিদ্দিক, রুহুল খামিনি, মারিয়া, ১৩তম ব্যাচের রিয়াজুল ইসলাম, উম্মে সালমা, জুলহাস উদ্দিন, নাঈম হোসেন, মিলন হোসাইন, মেহের আফরোজ চুমকি, ১৪তম ব্যাচের মাজেদুল ইসলাম, ১৫তম ব্যাচের ইস্রাফিল হাসান, আমিনুর ইসলাম, আফরিন ইসলাম সিলভি, কামরুল হাসান, ১৬তম ব্যাচের দ্বীপ বসাক, ১৭তম ব্যাচের ৩ জন এবং ১৯তম ব্যাচের ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করেই উত্তীর্ণ হয়েছেন ২০তম ব্যাচের কাফি খান মেজর, এবং ২১তম ব্যাচের হাসিব মীর ও জিয়াং তালুকদার।
বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন। তবে আইন পেশায় কার্যক্রম শুরু করতে তাদের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।
আইন বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল নবীন আইনজীবীদের অভিনন্দন জানিয়ে বলেন, গত রোববার যারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তিনি তাদের কর্মজীবনে সাফল্য কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে যারা বার কাউন্সিল পরীক্ষা দিতে চান, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।