প্রো-ভিসি অধ্যাপক জাফর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১ ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তের মধ্যে রয়েছে- ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।