পবিপ্রবির বিজয়–২৪ হলের ইফতারিতে অব্যবস্থাপনা, বঞ্চিত শতাধিক শিক্ষার্থী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বিজয়–২৪ হলে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ইফতার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ ইফতার বিতরণে বিশৃঙ্খলা ও খাবারের সংকট দেখা দিলে শতাধিক শিক্ষার্থী ইফতার থেকে বঞ্চিত হন বলে অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ভাষ্য, নির্ধারিত সময়ের আগেই ইফতার সামগ্রী শেষ হয়ে যায়। ফলে লাইনে অপেক্ষমাণ অনেক শিক্ষার্থী ইফতার না পেয়েই হলে ফিরে যেতে বাধ্য হন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইফতার বিতরণে কোনো টোকেন বা নির্দিষ্ট তালিকা পদ্ধতি না থাকায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে খাবারের সঠিক হিসাবও রাখা যায়নি বলে অভিযোগ উঠেছে।
বিজয়–২৪ হলের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমরা নিয়মিত হলের সিট ভাড়া পরিশোধ করি, অথচ ইফতারের সময় আমাদেরই লাইনে দাঁড়িয়ে বঞ্চিত হতে হয়। পূর্বনির্ধারিত শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কম ইফতার প্রস্তুত করা হয়েছিল। ব্যবস্থাপনার দুর্বলতার সুযোগে বহিরাগতরাও ইফতার নিয়ে গেছে। ফলে অনেক আবাসিক শিক্ষার্থী পানি বা জুসসহ পূর্ণাঙ্গ ইফতার পায়নি। এমন অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক।’
ইফতার থেকে বঞ্চিত আরেক শিক্ষার্থী বলেন, ‘খোলা মাঠে টোকেনবিহীন এমন আয়োজন চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ভবিষ্যতে বড় পরিসরের কোনো আয়োজনে সুষ্ঠু পরিকল্পনা, টোকেন ব্যবস্থা ও পর্যাপ্ত তদারকি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বিজয়–২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু অব্যবস্থাপনার কারণে এমনটা ঘটেছে। আমরা বিষয়টি দেখছি। যারা খাবার পায়নি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।’