জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কর্মচারীদের হামলা, আহত ৫
সেমিস্টার ফি কমানোর দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বাগ্বিতণ্ডা ও হাতাহাতির সময় একদল কর্মচারী তাদের ওপর হামলা করেছে। এতে দুই নারী শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ভিসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় কর্মচারীরা তাদের ওপর হামলা করে। যা স্পষ্টভাবে একাধিক ভিডিওতে প্রমাণ রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আশিক কবির চৌধুরী জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা জানান, সেমিস্টার ফি ১২ হাজার ৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে তাদের সিনিয়ররা ৩ হাজার ৬০০ টাকা দিয়ে সেমিস্টার পরীক্ষা দিতেন। এতে ফি বাড়ালে আমরা কীভাবে পরীক্ষা দেব? আমাদের ভিসি স্যারও না কমানোর পক্ষে।
‘‘এ কারণে আজকে আমরা যখন শান্তিপূর্ণভাবে আজকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম আমাদের যৌক্তিক দাবি নিয়ে, তখন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের ওপর হামলা করে। যার ফলে আমাদের একাধিক শিক্ষার্থী আহত হয় এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’’