০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, জবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন  © টিডিসি

প্রধান উপদেষ্টার বাসভবন ও শাহবাগে যমুনা  শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, জকসু নেত্রী শান্তা আক্তার ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে, বাহাদুর শাহ পার্ক, রায়সাহেব বাজার হয়ে ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। 

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, পাঠাগার সম্পাদক ইব্রাহীম খলিলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের এমন ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানান। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। 

বিক্ষোভের শুরুতেই দ্য ডেইলি ক্যাম্পাসকে শিক্ষার্থীরা বলেন, ‘এক শুক্রবারে সন্ত্রাসীরা আমার ভাই শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছিল। ঠিক একই শুক্রবার আজ, একটি ইন্টেরিম সরকার থাকা সত্ত্বেও আমাদের আন্দোলনরত ভাইদের ওপর মর্মান্তিক হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যে পুলিশ সদস্যরা হামলার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।’