নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নাট্যোৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্বের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো কলা ভবনে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, সাহিত্য, নাটক ও সিনেমা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। নাটকের মাধ্যমে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়।
যেহেতু এই নাটকগুলো শিক্ষার্থীদের পরীক্ষার অংশ, তাই এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবেও বিবেচিত হবে। ভবিষ্যতে তারা সমাজের অবিচার, অনাচার, অবহেলিত বাস্তবতা ও গ্রামীণ সংস্কৃতি আরও দক্ষতার সঙ্গে সকলের সামনে তুলে ধরতে পারবে।
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা জানান, এবছর ২০২০–২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় পরীক্ষার অংশ হিসেবে নাট্যকলা বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন সন্ধ্যায় দুইটি করে সাতদিনে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে। নাট্যোৎসবে প্রাচ্য ও পাশ্চাত্যের খ্যাতনামা নাট্যকারদের নাটকের পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক নাটকও প্রদর্শিত হবে।
উদ্বোধনী দিনে আজ সোমবার সন্ধ্যা ৬টায় শিক্ষার্থী রাজন বিশ্বাসের নির্দেশনায় সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ নাটকটি মঞ্চায়িত হয়েছে। রাত ৮টা ৩০ মিনিটে রেজুওয়ানা সুলতানা কনার নির্দেশনায় পরিবেশিত হবে কারিল চার্চিলের রচিত নাটক ‘Top Girls’ মঞ্চস্থ হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন এবং সঞ্চালনা করেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।