৫০তম বিসিএসের ফল প্রকাশে আলটিমেটাম
৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা প্রকাশ না করায় উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন হাজারো পরীক্ষার্থী। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
প্রয়োজনে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর সম্পূরক ফলাফলের মাধ্যমে ‘রিপিট ক্যাডার’-সংক্রান্ত জটিলতা নিরসনের প্রস্তাবও দিয়েছেন পরীক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছিল। সেই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলেও ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এমনকি বিলম্বের কারণ জানিয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেওয়া হয়নি।
পরীক্ষার্থীরা বলেন, পিএসসির নিজস্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফলাফল প্রকাশের কথা থাকলেও কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে কমিশনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরেরও সমালোচনা করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের পরও বিপিট ক্যাডার-সংক্রান্ত জটিলতা পুরোপুরি নিরসন নাও হতে পারে। কারণ পরবর্তী সময়ে ৪৭তম বিসিএসের কিছু প্রার্থীও ৫০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হতে পারেন। ফলে এ ধরনের জটিলতা এড়াতে সম্পূরক গেজেট বা ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
এ প্রসঙ্গে তারা ৪৪তম বিসিএসের সম্পূরক গেজেট প্রকাশের উদাহরণ তুলে ধরেন। পরীক্ষার্থীদের ভাষ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধি ১৭ কার্যকর হওয়ার পরও পিএসসি চাইলে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর ৫০তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশের মাধ্যমে বিপিট ক্যাডার-সংক্রান্ত জটিলতা সমাধান করতে পারে।