৫২তম বিসিএসও কি বিশেষ হচ্ছে?
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ জন নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে একটি বিশেষ বিসিএস আয়োজন করা যায় কিনা সে বিষয়ে প্রাথমিকভাবে আলোচনাও করা হয়েছে। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ আলোচনা সামনে আসায় ৫২তম বিসিএস বিশেষ হবে না কি সাধারণ তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের এএসপি পদে বিপুলসংখ্যক জনবল নিয়োগের প্রয়োজনীয়তা থেকে বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টি আলোচনায় এসেছে। প্রাথমিকভাবে ৪০০ থেকে ৫০০ জন নিয়োগের কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, সাধারণ বিসিএস আয়োজনের জন্য এখনো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচন পাঠানো হয়নি। ফলে নভেম্বর মাসে সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের যে সম্ভাবনা ছিল, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও প্রতি বছর নভেম্বর মাসে সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের রেওয়াজ রয়েছে।
এ অবস্থায় পুলিশের এএসপি পদে নিয়োগের জন্য ৫২তম বিশেষ বিসিএস আয়োজন করা হবে, নাকি ৫২তম বিসিএস সাধারণ হবে—তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ বিসিএসের অধিযাচন না আসা এবং পুলিশের বিপুলসংখ্যক পদে নিয়োগের পরিকল্পনার বিষয়টি সামনে আসায় ৫২তম বিসিএসের ধরন নিয়ে কৌতূহল বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে।
তবে ৫২তম বিসিএস বিশেষ বিসিএস হিসেবে আয়োজন করা হবে, নাকি এটি সাধারণ বিসিএস হিসেবেই অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পিএসসি, স্বরাষ্ট্র কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৫২তম বিসিএস বিশেষ হবে কি না, এ বিষয়ে পিএসসিতে কোনো আলোচনা হয়নি। ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন এএসপি নিয়োগের কোনো প্রস্তাব বা চাহিদাপত্র আমরা এখনো পাইনি।’