পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সেই অধ্যাপক
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা, হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রীকে দায়ী করে নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেই বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্মকমিশনের-পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।
আরও পড়ুন: নিজ কার্যালয়ের দেয়াল থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি অধ্যাপিকা
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
জানা যায়, ৫ আগস্টের আগে ওই মাসের ১ তারিখে নিজের কার্যালয় থেকে ছবি সরিয়েছিলেন জাবির বাংলা বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক ড. শামীমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়েছিল।
ওই ছবিতে দেখা গিয়েছিল, ড. শামীমা সুলতানার পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। বাংলা বিভাগের তৎকালীন এই সভাপতি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমান কমিটিতে তিনি কোনো পদে নেই বলে জানা গেছে।
নিয়োগের বিষয়ে অধ্যাপক শামীমা সুলতানা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর আস্থা রেখে আমাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে, আমি যেন তা সততার সঙ্গে পালন করতে পারি।