হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো?
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেটে নাম না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন গেজেট বঞ্চিত চিকিৎসক ডা. মারুফুল আলম। দীর্ঘ প্রতীক্ষার পরও কাঙ্ক্ষিত ক্যাডার পদে নিয়োগ না পাওয়ার কষ্ট তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে নিজের স্বপ্নভঙ্গের কথা জানিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন, ‘হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো?’
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে ডা. মারুফ লেখেন, আহা বিসিএস! আমার স্বপ্নের বিসিএস! দীর্ঘ প্রতীক্ষার পরে গেজেট বঞ্চিত হলাম। আমার নির্ঘুম রাত গুলোর স্বাক্ষী হিসেবে মমেক লাইব্রেরির চেয়ার টেবিল গুলোই শুধু পড়ে থাকলো। আর স্বাক্ষী থাকলো আমার কাছের মানুষগুলো।
তিনি আরও লেখেন, আর আপনাদের ধন্যবাদ। যারা আমার স্বপ্নটাকে গলা টিপে হত্যা করলেন।হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
প্রসঙ্গত, ৩২২ দিনের অপেক্ষার পর বুধবার (১৪ অক্টোবর) রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে সরকার। এতে তালিকা থেকে বাদ পড়েন ১০৫ জন।
২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষা শেষ হতে ২০২৪ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় লাগে।
পরে গত বছরের ৬ নভেম্বর ক্যাডার পদে ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তাদের মধ্যে বুধবার ১ হাজার ৭০২ জনের নামে গেজেট প্রকাশ করে সরকার।