০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬

মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ

মো. জাহিদুল ইসলাম নাঈম  © টিডিসি সম্পাদিত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ফলে ৬৬৮ জনের নাম সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। এ তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম নাঈম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ গেজেট প্রকাশ করা হয়। এতে অন্য ৫৬ জনের মতো নাঈমের নামও বাদ পড়েছে। অথচ তিনি সাধারণ শিক্ষা ক্যাডারে ইসলামিক স্টাডিজে মেধাক্রমে প্রথম ছিলেন বলে জানিয়েছেন। তবে গেজেটে অন্যদের মতো তারও বাদ পড়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

গেজেট বঞ্চিত হওয়ার বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়ে নাঈম লিখেছেন, ‘মো. জাহিদুল ইসলাম নাঈম, গেজেট বঞ্চিত, ৪৯তম (বিশেষ) বিসিএস, সাধারণ শিক্ষা ক্যাডার, ইসলামিক স্টাডিজ মেধাক্রম: ০১।

আরও খবর: রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি শিক্ষার্থী জসিম 

পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।

৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে না থাকার বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সকল যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকে। নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।’