৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)  © সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ গেজেট প্রকাশ করা হয়। তবে গেজেটে বাদ পড়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।

৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে না থাকার বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সকল যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকে। নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।’

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৮০.০০.০০০০.২০২.৬৪.০৪২.২৫-১৬২ নম্বর সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৬১১ (ছয়শত এগারো) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুসারে টাকা ৪৪০০০-১০৫৯০০/- বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

গেজেট থেকে বাদ পড়ে ক্ষোভ
এদিকে গেজেট থেকে বাদ পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ ৪৯ তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গ্যাজেট থেকে বঞ্চিত করার জন্য। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল মেধাক্রমে ১ম স্থান অর্জন করেছিলেন।