বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়ে বিসিএসে আবেদন, চূড়ান্ত হয়েও বাতিল হলো এক প্রার্থীর সুপারিশ
মুক্তিযোদ্ধা সন্তান কোটায় আবেদন করে ৪৪তম বিসিএস পরীক্ষায় সহকারী পরিচালক (নন-ক্যাডার) পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এক প্রার্থীর মনোনয়ন ও সুপারিশ বাতিল করা হয়েছে। তবে আবেদনপত্রে দেওয়া তথ্য এবং কোটার দাবির সমর্থনে জমা দেওয়া তার বাবার মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে অসত্য ও মিথ্যা-বিভ্রান্তিকর তথ্য পাওয়ায় সেই সুপারিশ বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত ৪ আগস্ট পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (নন-ক্যাডার) পদে নিয়োগের জন্য গত ১৯ মে প্রকাশিত ফলাফলে জাবির আহমেদকে মুক্তিযোদ্ধা সন্তান কোটার প্রাধিকারে মনোনীত ও সুপারিশ করা হয়েছিল।
এতে আরও বলা হয়, বিসিএস পরীক্ষার মূল আবেদনসহ অন্য ক্ষেত্রে দেওয়া তথ্য ও কোটার প্রাধিকার দাবির সমর্থনে প্রদত্ত তার পিতার মুক্তিযোদ্ধার সনদ যথাযথ প্রক্রিয়ায় যাছাইয়ে অসত্য ও মিথ্যা-বিভ্রান্তিকর প্রতীয়মান হওয়ায় এবং প্রাধিকার দাবি সঠিক প্রতীয়মান না হওয়ায় তার মনোনয়ন ও সুপারিশ বাতিল ও প্রত্যাহার করা হলো।