২২ জুলাই ২০২৬, ১৮:১৯
৪৯তম বিসিএস: ক্যাডার পদ হারালেন দুই প্রার্থী
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ক্যাডার পদ বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৫ এর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অবতীর্ণ প্রার্থী (Appeared) হিসেবে সাময়িকভাবে মনোনীত ১২০২৭১৩০ ও ১৫৬০৩৭০৫ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদ্বয়ের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরে প্রকাশিত হয়।
এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার বোর্ডে স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০২৬ সালের ৯ম বিশেষ সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করা হলো।