২৮ জুন ২০২৬, ১৯:০৯

একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এই দম্পতি

জাকারিয়া ও কেয়া দম্পতি  © ফেসবুক থেকে সংগৃহীত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এবার প্রশাসন ক্যাডারে একই বিশ্ববিদ্যালয়ে একই সাবজেক্টে পড়াশোনা করা এক দম্পতি সুপারিশ পেয়েছেন। এরমধ্যে একজন জাকারিয়া রিভার (হাদি) এবং অপরজন আফসানা ইসলাম কেয়া। তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা করছেন।

ফলাফল প্রকাশের পর জাকারিয়া ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, তারা আমাদেরকে ‘পাওয়ার কাপল’ বলে থাকেন। একদম ঠিক কথা! আমরা দুজনেই ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছি।

পোস্টে তিনি আরও লেখেন, একই বিশ্ববিদ্যালয়, একই সেকশন থেকে একই ভাইভা বোর্ড এবং একই ক্যাডার। আমরা অনেক কিছু একসঙ্গে পার করেছি। আমাদের জন্য দোয়া করবেন।

জানা যায়, জাকারিয়া বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং কেয়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন।