যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে ৪৭তম বিসিএসে
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে এই বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র ১ হাজার ৩২০ জন। এতে ২ হাজার ১৬৭টি ক্যাডার পদই ফাঁকা রয়ে গেল।
রবিবার (২৮ জুন) বিকেলে পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করে।
প্রকাশিত ফল অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি জানিয়েছে, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না থাকায় ২ হাজার ৩৪৩ পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও ক্যাডারের শূন্য পদের স্বল্পতার কারণে উত্তীর্ণ সকল প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। তাদের মধ্য হতে মেধা ও সংশ্লিষ্ট পদের নিয়োগ যোগ্যতা, সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণপূর্বক “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩” এর বিধান অনুসারে সরকারের নিকট হতে প্রাপ্ত অধিযাচন অনুযায়ী বিধিমোতাবেক ৯ম, ১০ম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে পদ ছিল ৩ হাজার ৬৮৮টি। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে গত মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।