০৭ এপ্রিল ২০২৬, ১৭:১০

৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি

পিএসসি  © সংগৃহীত

৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী মে মাসে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

এ বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৬৬৮ জনকে নিয়োগ সুপারিশ করবে পিএসসি। অর্থাৎ ৪৭তম বিসিএসে পদের চেয়ে ৩৭ জন কম প্রার্থী নিয়ে মৌখিক পরীক্ষা শুরু করা হবে আগামী মে মাসে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর থেকে। যা শেষ হয় ১৮ ডিসেম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।

এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। এ বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।