দুই বিসিএসের ফল নিয়ে জরুরি বৈঠকে পিএসসি
জরুরি সভায় বসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৫০তম বিসিএসের প্রিলিমিনারি বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে পিএসসির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, সব প্রক্রিয়া ঠিক থাকলে আজকের মধ্যেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের তালিকা প্রকাশিত হতে পারে। পাশাপাশি ৫০ তম বিসিএসের প্রিলির ফল নিয়েও ইতিবাচব খবর মিলবে।
এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জিনিয়েছিলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করতে পারব।’
পিএসসি সূত্র বলছে, আজকের সভায় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়েও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলাফল অনুমোদিত হলে আজ যেকোনো সময় পিএসসির ওয়েবসাইটে ফলাফল আপলোড করার প্রশাসনিক প্রস্তুতি রাখা হয়েছে।
তথ্যমতে, ৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।
আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিভুক্তি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করল মন্ত্রণালয়
অন্যদিকে ৪৬তম বিসিএসের ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশে চিন্তা চলছে। এই বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ৪ হাজার ৪২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেলে এই প্রার্থীদের মধ্য থেকেই উত্তীর্ণদের সাময়িকভাবে সুপারিশ করা হবে।
পদ অনুসারে স্বাস্থ্য ক্যাডারে ১ হাজার ৬৮২ জন সহকারী সার্জন ও ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনসহ অন্যান্য পেশাগত ক্যাডারের পদের জন্য যোগ্যদের নাম চূড়ান্ত করা হবে।