০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭

৪৪তম বিসিএস থেকে বাদ পড়লেন যে ৬ এডমিন ক্যাডার

বিসিএস  © সংগৃহীত

৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেটে এডমিন ক্যাডার থেকে ৬ জন প্রার্থী বাদ পড়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত চূড়ান্ত গেজেট পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

গেজেট অনুযায়ী এডমিন ক্যাডার থেকে বাদ পড়া প্রার্থীদের রোল নম্বরগুলো হলো— ১১০১৫০৪৫, ১১০১২২৬৯, ১১০১৮৯২১, ১১১৩৫৫৫৪, ১১০৩৭৮৯১ এবং ১৮০০৫৭১১। গেজেটের আগে চূড়ান্ত ফলাফলে তারা যথাক্রমে ২১, ৩৯, ৯৬, ১১৬, ১১৭ ও ২০৫ নম্বর সিরিয়ালে ছিলেন।

এর আগে, গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে গতকালের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এই বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন; যে তালিকায় এডমিন ক্যাডারের ৬ জন রয়েছেন।

চূড়ান্ত তালিকায় থাকলেও গেজেট নেই ১১৬, ১১৭ মেধাক্রমধারীরা দুই ক্যাডার

কেন এই ছয়জন প্রার্থীকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে; সে বিষয়ে এখনো পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে রাজনৈতিক, প্রশাসনিক নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে একই গেজেটে পররাষ্ট্র ক্যাডার সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা চলছে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ারও চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন।

শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। শিক্ষাজীবনে তিনি রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

 প্রসঙ্গত, ৪৩তম বিসিএস থেকে ১৬২ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছিলেন।