২৩ জুন ২০২৬, ০৮:৪৯

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

কর অঞ্চল কার্যালয়, নোয়াখালী  © সংগৃহীত

অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যোগদান করতে এসে ধরা পড়েছেন দুই প্রার্থী। প্রবেশপত্রে ছবি জালিয়াতির মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে চাকরি পাওয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি নোয়াখালীর কর অঞ্চল কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রবিবার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে অবস্থিত কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক দুই ব্যক্তি হলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপত্র পাওয়া কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপত্র পাওয়া নাসফুর উল্যাহ হুমায়ুন। তাদের বাড়ি যথাক্রমে সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া উপজেলার গুল্যাখালী এলাকায়। জানা গেছে, নাসফুর উল্যাহ হুমায়ুনের মামা আয়কর বিভাগে কর্মরত রয়েছেন।

কর অঞ্চল নোয়াখালী কার্যালয়ের উপ কর কমিশনার এনামুল হাসান আল নোমান জানান, গত ১১ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে কর অঞ্চল নোয়াখালীর ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রবিবার নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিকেল রিপোর্টসহ যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী যোগদান করতে এসে কামাল উদ্দিন ও নাসফুর উল্যাহ হুমায়ুনকে দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তাদের হাতের লেখা পরীক্ষা করে গড়মিল পাওয়া যায়। বিষয়টি আরও খতিয়ে দেখা হলে একপর্যায়ে তারা স্বীকার করেন, নিয়োগ পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। এরপর তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, সরকারি চাকরি পাওয়ার আশায় তারা একটি জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেছিলেন। ওই চক্র অর্থের বিনিময়ে অন্য ব্যক্তিকে দিয়ে চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। তারা আরও জানান, চাকরির জন্য আবেদন করার সময়ই তাদের প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যাতে পরীক্ষার সময় কেউ বিষয়টি বুঝতে না পারে।

এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, কর কার্যালয় থেকে দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।