২৯ নভেম্বর ২০২৬, ১১:৫১

এনএসইউতে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং-২০২৭ সেমিস্টারের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।

বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের অধীন স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় ৭ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। স্কুলগুলো হলো স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।

এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, শিক্ষার ধরন ও পদ্ধতিতে পরিবর্তন আসছে। তাই শুধু শ্রেণিকক্ষের পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শ্রেণিকক্ষের বাইরেও জ্ঞান ও দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। মানসম্মত শিক্ষার পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরে শেখার বিষয়টিকেও তারা গুরুত্ব দেন। এ সেমিস্টারে সব শিক্ষার্থী হয়তো সে সুযোগ পাবেন না, তবে আগামী সেমিস্টারগুলোতে তাঁদের জন্য এ সুযোগ তৈরির চেষ্টা থাকবে।

এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করছেন। এনএসইউ থেকে শিক্ষিত ও দক্ষ হয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মানসম্মত শিক্ষার পাশাপাশি যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলার ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। নতুন শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের ধারাকে এগিয়ে নেবেন এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নেও অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এনএসইউর আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনস অফিসের পরিচালক অধ্যাপক নুরুল কবির বলেন, স্প্রিং-২০২৭ সেমিস্টারের স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, প্রক্টর অধ্যাপক আবদুল খালেকসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।