জবিতে রসায়ন অলিম্পিয়াডে সেরা ১০, তাইওয়ানে যাওয়ার সুযোগ পাবেন ৪ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়েছে। এই ১০ জনের মধ্য থেকে চারজন আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চূড়ান্ত পর্বে প্রথম হয়েছেন নটরডেম কলেজের নাজির মাহমুদ। দ্বিতীয় হয়েছেন গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের রাফসান হাসান এবং তৃতীয় হয়েছেন সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের হিল্লোল রায়।
এ ছাড়া চতুর্থ হয়েছেন আনন্দমোহন কলেজের ময়নুল তালুকদার, পঞ্চম রাজউক উত্তরা মডেল কলেজের আহনাফ জারীফ, ষষ্ঠ গভর্নমেন্ট আজিজুল হক কলেজের কৃত্তিকা চক্রবর্তী, সপ্তম নটরডেম কলেজের তোকির মাহমুদ, অষ্টম একই কলেজের অল ওয়াহিদ, নবম গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আব্দুল্লাহ আল জারীফ এবং দশম হয়েছেন সিলেট স্কলার্স হোমের দিব্য জ্যোতি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাসময়ে মূল্যায়ন এবং তা বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবা করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধাপাচার রোধ করে তরুণদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশের শিল্প ও উৎপাদনব্যবস্থা শক্তিশালী করতে মেধাবী শিক্ষার্থীদের জন্য দেশেই কাজের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি।
১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির বিকল্প নেই। বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে বাংলাদেশ রসায়ন সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এ উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাংকিংয়ে প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে বিভাগটি শিক্ষা ও বিজ্ঞানচর্চার উৎকর্ষের পরিচয় দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নির্বাচিত বিজয়ীদের মধ্য থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন। রসায়নের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে দেশ, প্রকৃতি ও জীবনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। রসায়ন শুধু বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবনেরও ভাষা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে কখনো প্রশ্ন করতে দ্বিধা করা যাবে না। কারণ, প্রশ্নই বিজ্ঞানের মূল ভিত্তি। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ঢাকাসহ দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত মোট ২১৩ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নেন। চূড়ান্ত পর্বে নির্বাচিত সেরা ১০ শিক্ষার্থীর মধ্য থেকে চারজন ২০২৭ সালের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।