২৬ নভেম্বর ২০২৬, ২১:০৩

প্রমাণভিত্তিক সুশাসন জোরদারে এনএসইউ-এডিবির প্রশিক্ষণ

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-তে ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন: এভিডেন্স, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং ইন প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।  © সংগৃহীত

সরকারি খাতে দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা এবং প্রমাণভিত্তিক সুশাসন জোরদারে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত ২৩ থেকে ২৫ নভেম্বর এনএসইউতে ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন: এভিডেন্স, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং ইন প্র্যাকটিস’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশন ও এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এডিবির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টারের (সিডিআরসি) উদ্যোগে এবং এসআইপিজির সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থার ১৯ জন সরকারি কর্মকর্তা অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ফলাফলভিত্তিক কাঠামো, কর্মসম্পাদন সূচক, মূল্যায়ন পদ্ধতি, ডিজিটাল পরিবীক্ষণ সরঞ্জাম এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণমূলক সেশন, ব্যবহারিক অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক জবাবদিহি জোরদার, কর্মসূচি বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণে পরিবীক্ষণ ও মূল্যায়নের ফলাফল ব্যবহারের কৌশল তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘কার্যকর সুশাসন নিশ্চিত করতে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহি ও নিরবচ্ছিন্ন শিক্ষা অপরিহার্য। সরকারি কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

সরকারি কর্মকর্তাদের পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এ প্রশিক্ষণ উদীয়মান প্রশাসনিক ও সুশাসনসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং কো-অর্ডিনেশন এক্সপার্ট মো. রাকিব হোসেন, এনডিসি, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। সরকারি খাতের দক্ষতা বৃদ্ধিতে পেশাগত প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, পরিবর্তনশীল প্রাতিষ্ঠানিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণের উপকরণ ও পদ্ধতি নিয়মিত আধুনিকায়ন করা জরুরি। পাশাপাশি অকার্যকর ও সেকেলে চর্চা চিহ্নিত করে তা পরিহারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এসএইচএসএস) ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনে এসআইপিজির ভূমিকা তুলে ধরেন। এনএসইউ ও এডিবির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের পেশাগত ও একাডেমিক দক্ষতা আরও সমৃদ্ধ করবেন।

এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক ড. রিজওয়ান খায়ের জনপ্রশাসনে পরিবীক্ষণ ও মূল্যায়নের ব্যবহারিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবীক্ষণ ও মূল্যায়ন শুধু নিয়মিত প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর প্রকৃত গুরুত্ব হলো তথ্য-প্রমাণকে কার্যকর নীতিগত সিদ্ধান্ত, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমের পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করা।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সরকারি খাতের দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রমাণভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় এডিবি ও এনএসইউর এসআইপিজির যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।