উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদ এবং উচ্চশিক্ষার সামগ্রিক সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)’। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান এই মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাচ্ছেন ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ ও তাৎক্ষণিক ভর্তির ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় ইউনিভার্সিটির স্থায়ী স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের ক্যাম্পাসে আসার, বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসঙ্গে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”
অভিভাবকদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, “আপনারা আমাদের ইউনিভার্সিটির সবকিছু জানবেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনার সন্তানের পাশে আছি এবং আপনাদের পরামর্শ দিতে ও নিতে প্রস্তুত।”
অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, “ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলা এবং উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।”
অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, “এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার আমাদের একটি ঐতিহ্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উত্তরা ইউনিভার্সিটি আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবহিত করার পাশাপাশি একই ছাদের নিচে সব ধরনের ভর্তি কার্যক্রম সহজে সম্পন্ন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
আয়োজকরা জানান, মেলায় ৫টি স্কুলের অধীনে ইউনিভার্সিটির ১৪টি বিভাগের আলাদা স্টলের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা ক্লাবের স্টল রাখা হয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ, ‘ওয়ান-স্টপ’ ভর্তি সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।
মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিটি স্টলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাসের সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।