২৫ নভেম্বর ২০২৬, ২২:৩৫

ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার আয়ােজন

ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার আয়ােজন  © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সে’র (ডিসিসিএসএ) উদ্যোগে দিনব্যাপী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ আজ ২৫ নভেম্বর (বুধাবর) অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। 

ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের চীফ অ্যাডভাইজার জনাব হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মাইনুদ্দীন হাসান রশীদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আখতার মাহমুদ রানা এবং ইউনাইটেড গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব নিজামউদ্দীন হাসান রশীদ।

মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতের ১০৭টি স্বনামধন্য দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় ১০০০ কর্মসংস্থানের সুযোগ আছে।

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকুরী প্রত্যাশী অংশ নেন। তারা সরাসরি নিয়োগকর্তাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

প্রধান অতিথি জনাব হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই শিক্ষাপ্রতিষ্ঠান ও  দেশের প্রতিনিধিত্ব করে। তাই সবার আগে তাদের মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তারা যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবে।

বিশেষ অতিথি জনাব মাইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের আচার-আচরণ ও ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে মানবিক গুণাবলির চর্চা করতে হবে। কারণ, শিক্ষার্থীরা যদি মানবিক মূল্যবোধকে ধারণ করতে পারে, তাহলে পৃথিবীর যেকোনো জায়গায় তারা সম্মানিত হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  এছাড়াও তিনি বলেন মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দিনব্যাপী চলা এ আয়োজনে ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, গিগাবাইট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এরনা, এমজিআই, ইউনাইটেড গ্রুপ, ব্র্যাক, এসিআই, স্কয়ার, প্রাণ, বিকাশ, ম্যারিকো, অ্যাপেক্স ও রেনেটাসহ আরও অনেক স্বনামধন্য দেশী ও বিদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।  

দিনব্যাপী এ আয়োজনে ইউআইইউ’র ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চাকরীপ্রত্যাশী এবং বিভিন্ন কর্পোরেট সেক্টরের অতিথিরা উপস্থিত ছিলেন।