২৩ নভেম্বর ২০২৬, ২২:০৯

এনএসইউতে ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিকসে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কর্মশালা

এনএসইউতে ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিকসে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কর্মশালা  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের যৌথ উদ্যোগে ‘ফিউচার-রেডি স্টুডেন্টস: অ্যা ক্যারিয়ার প্লেবুক ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ কর্মশালা আয়োজন করা হয়। পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, হাতে-কলমে শেখা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ, মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান ড. খন্দকার মো. নাহিন মামুন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তামহিদ উল ইসলাম। এ ছাড়া কর্মশালায় শিল্প খাতের অভিজ্ঞতা তুলে ধরেন বাংলালিংকের সিভিএম অ্যান্ড ডিজিটাল অ্যানালিটিকস ম্যানেজার ফাতেহিন সিদ্দিক চৌধুরী এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার জি.এস.এম. মাহফুজ।

সূচনা বক্তব্যে ড. মো. তামহিদ উল ইসলাম চাকরিদাতাদের পরিবর্তনশীল প্রত্যাশা এবং স্নাতকদের শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি এক্সেল, পাওয়ার বিআই ও পাইথন-এর মতো বিশ্লেষণধর্মী টুল ব্যবহারে বাস্তব দক্ষতা অর্জনের পরামর্শ দেন। প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর চাকরির বাজারে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা, নিয়মিত শেখার মানসিকতা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ শিল্পবিপ্লবের ধারাবাহিক বিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পেশাজগতের বিকাশ নিয়ে আলোচনা করেন। পাওয়ার বিআই এবং ক্লড-এর মতো আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও এআই-চালিত টুলের উদাহরণ তুলে ধরে তিনি জানান, প্রযুক্তির অগ্রগতি কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করছে। পাশাপাশি ভবিষ্যতের কর্মসংস্থানে সমালোচনামূলক চিন্তাভাবনা, ডিজিটাল দক্ষতা এবং ক্রমবর্ধমান গিগ অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন তিনি।

ডিজিটাল বিজ্ঞাপনের পরিবর্তনশীল ধারা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাংলালিংকের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার জি.এস.এম. মাহফুজ ব্যাখ্যা করেন কীভাবে মেটা, গুগল এবং টিকটক-এর মতো প্ল্যাটফর্ম ভোক্তার আচরণ ও তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীর জন্য বিপণন কৌশল তৈরি করে। তিনি বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ডিজিটাল মার্কেটিং খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। শিক্ষার্থীদের লিঙ্কডইন-এ পেশাগত পরিচিতি শক্তিশালী করা, কর্মক্ষেত্রের উপযোগী অনলাইন প্রশিক্ষণ নেওয়া এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন তিনি।

দৈনন্দিন জীবন ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে তথ্য বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন বাংলালিংকের সিভিএম অ্যান্ড ডিজিটাল অ্যানালিটিকস ম্যানেজার ফাতেহিন সিদ্দিক চৌধুরী। তিনি বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, যৌক্তিক বিচার-বিশ্লেষণ এবং এআই-চালিত টুলের কার্যকর ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, চলমান ডিজিটাল রূপান্তরের ফলে তথ্য বিশ্লেষণ করে পাওয়া অন্তর্দৃষ্টিকে কার্যকর ব্যবসায়িক সিদ্ধান্তে রূপ দিতে সক্ষম পেশাজীবীদের চাহিদা বাড়ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিপণন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনকারী ভূমিকা, বিশেষ করে এআই-নির্ভর গ্রাহক নির্বাচন ও ব্যক্তিকেন্দ্রিক বিপণন কৌশলের গুরুত্ব তুলে ধরেন। দায়িত্বশীল ও দক্ষ স্নাতক তৈরিতে একাডেমিক উৎকর্ষ, শৃঙ্খলা, নৈতিক চর্চা ও মৌলিকত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ উন্নয়নে এনএসইউর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উপাচার্য জানান, এ লক্ষ্যে ভার্চুয়াল ল্যাবরেটরি এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টুলসমৃদ্ধ বিশেষায়িত সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালার সমাপনী বক্তব্য দেন ড. খন্দকার মো. নাহিন মামুন। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ক্যারিয়ারের সম্ভাবনা, নতুন প্রযুক্তি ও পেশাগত দক্ষতা নিয়ে শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. মামুন।