ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার, মিলবে চাকরির সুযোগ
চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সুযোগ নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’। আগামী ২৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। পূর্ণকালীন ও খণ্ডকালীন মিলিয়ে প্রায় ১ হাজার চাকরির সুযোগের পাশাপাশি থাকবে ইন্টার্নশিপের ব্যবস্থা।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের পরিচালক আবু সাদাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। এতে বহুজাতিক কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, ওষুধশিল্প, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই পিএলসি, ব্র্যাক, বিকাশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, প্রাণ, এমজিআই, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও রেনাটা পিএলসিসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করবেন এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করবেন। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কেও মেলা থেকে জানানো হবে।
ক্যারিয়ার ফেয়ারে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এই লিংকে (https://forms.gle/gpLBCjyNnm9DVxZ17) প্রবেশ করে নিবন্ধন করা যাবে।
উল্লেখ্য, এবারের ক্যারিয়ার ফেয়ারের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’।