দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপির সম্মেলন, আয়োজক ড্যাফোডিল ইউনিভার্সিটি
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশ্বিক আয়োজন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এ সম্মেলনের আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার বনানীর শেরাটন হোটেলে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের যোগাযোগ ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক অতিথি অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউএনআইটিএআর) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।
তিনি বলেন, ‘আজকের এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে, যা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চাই আমরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি পান, সেটিই আমাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।’
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান ও গবেষণা এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার রূপান্তর নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হচ্ছে ঢাকার ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজা, বনানীর শেরাটন হোটেল এবং সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে। এতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র গুরুত্ব পাচ্ছে।
বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কার্যক্রম, সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি যোগাযোগ তৈরি এবং সম্ভাব্য সহযোগিতাকে বাস্তব একাডেমিক উদ্যোগে রূপ দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার বাস্তব প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হচ্ছে।
আগামী ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিরা ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘ঐতিহ্যের হাট’। এতে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অতিথিদের সামনে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও সম্ভাবনা উপস্থাপন করা হবে।
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপির এ সম্মেলনের স্বাগতিক আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরছে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এ আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাবেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যাশা, আন্তর্জাতিক সহযোগিতার কার্যকর সংযোগস্থল হিসেবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমঞ্চে আরও দৃশ্যমান করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরিতে আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।