জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার
জাতীয় পর্যায়ের রোবোটিকস ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ‘ন্যাশনাল অ্যারো জিনিয়াস কম্পিটিশন ২০২৬’-এর স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটিতে (এএউবি) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
লালমনিরহাটে অবস্থিত এএউবির ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিভাগগুলো হলো সকার বট, রোটরক্রাফট ইউএভি চ্যালেঞ্জ, ফিক্সড-উইং ইউএভি চ্যালেঞ্জ ও স্পেস রোবোটিকস চ্যালেঞ্জ।
প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটির গ্রিন রোবোটিকস সোসাইটির তিনটি সকার বট দল অংশ নেয়। এর মধ্যে একটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠে। অন্যদিকে স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির মার্স রোভার দল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
২০ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম. মুস্তাফিজুর রহমান এবং ডিস্টিংগুইশড প্রফেসর এয়ার কমোডর (অব.) ড. আফজাল।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাঁদের এ সাফল্য মেধা, পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহ দিয়ে আসছে। এ অর্জন সেই প্রচেষ্টার ইতিবাচক ফল। তিনি মার্স রোভার দলের সদস্য, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে এ সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।
গ্রিন ইউনিভার্সিটির এ অর্জন রোবোটিকস, প্রকৌশল ও প্রযুক্তিগত উদ্ভাবনে শিক্ষার্থীদের দক্ষতার পরিচয় দিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সাফল্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।