২০ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির  আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইকোনমিক্স থান্ডার্স

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লিগ সিজন ৩’ অনুষ্ঠিত।  © সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লিগ সিজন ৩’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সান ভ্যালি স্পোর্টস ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতায় ১২টি বিভাগের দল অংশ নেয়। ফাইনালে ইংলিশ ভ্যালরসকে হারিয়ে শিরোপা জেতে ইকোনমিক্স থান্ডার্স।
‘কিক টু উইন’ স্লোগানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দল গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এসব ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইকোনমিক্স থান্ডার্স ও ইংলিশ ভ্যালরস। ফাইনালে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইকোনমিক্স থান্ডার্স।
আয়োজকেরা জানান, প্রতিটি ম্যাচে নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা গ্যালারিতে উপস্থিত থেকে দলগুলোকে সমর্থন জানান। ১২টি দলের অংশগ্রহণে পুরো টুর্নামেন্টে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, দলীয় মনোভাব ও আন্তবিভাগীয় সম্পর্ক জোরদার করতেই নিয়মিত এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। প্রথম আসর থেকেই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অন্যতম প্রতীক্ষিত আয়োজনে পরিণত হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, বিভাগীয় ক্লাবের কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়।