ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসি.-এর যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নমূলক বিশেষ উদ্যোগ ‘Empowering Youth’-এর আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, কর্মজীবন সম্পর্কে ধারণা প্রদান এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকিং খাতের পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (স্টুডেন্ট ওয়েলফেয়ার) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তাঁদের বক্তব্যে যুবসমাজের উন্নয়ন, উচ্চশিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; এম এম মাহবুব হাসান, এসভিপি ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এবং নাবিলা খালিদ, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শায়লা আবেদীন তাঁর বক্তব্যে ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে নারী নেতৃত্ব, পেশাগত নৈতিকতা এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নিজেদের সক্ষমতা চিহ্নিত করা এবং পরিবর্তনশীল চাকরির বাজারের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা, নিয়মিত সঞ্চয়, সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি তাঁর উদ্ভাবিত ‘Grandfather Concept of Personal Money Management’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের ৩১ বছরের পথচলা এবং ব্যাংকিং খাতে তরুণ প্রজন্মের জন্য পরিবর্তনশীল প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।
নাবিলা খালিদ তাঁর বক্তব্যে আধুনিক কর্মক্ষেত্রে মার্কেটিং, যোগাযোগ দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল ক্যারিয়ার গঠনের জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সরাসরি আমন্ত্রিত বক্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি একটি মক ইন্টারভিউ সেশনের আয়োজন করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।
প্রাইম ব্যাংকের ‘Empowering Youth’ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা তৈরি করা হচ্ছে। আর্থিক সাক্ষরতা, ক্যারিয়ার নির্দেশনা এবং শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এ উদ্যোগ তরুণ প্রজন্মকে সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করছে।