আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে, টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ
টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক ও উন্নয়নকর্মীদের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘জিএসজি গ্লোবাল ডে ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি, ঢাকার নগর পরিচালনব্যবস্থা এবং ২০৩০ সালের মধ্যে রাজধানীকে বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল করে তোলার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উদ্বোধনী পর্ব, জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতিসংঘ দিবসের চেতনা ও অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে প্রতিবছর এ আয়োজন করে জিএসজি বিভাগ। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ বিশেষ গুরুত্ব পায়।
সকালে আইইউবি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের অঙ্গীকারকে জাতীয় পর্যায়ে বাস্তব উদ্যোগে রূপ দিচ্ছি। সরকারের ৩১ দফা কর্মসূচির সঙ্গে ২০৩০ সালের উন্নয়ন এজেন্ডার ঘনিষ্ঠ সামঞ্জস্য রয়েছে। এ কর্মসূচির ৭৩ শতাংশ কার্যক্রম এসডিজির সঙ্গে প্রত্যক্ষভাবে এবং ২৭ শতাংশ পরোক্ষভাবে সম্পর্কিত। সংস্কার ও উন্নয়নের জন্য আমাদের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো (২০২৬-২০৩১) এই সামঞ্জস্যকে আরও জোরদার করেছে। এর লক্ষ্য এসডিজিকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা এবং কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সবুজ দেশ ও পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়তে খাল খনন, বৃক্ষরোপণ, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. কে আয়াজ রাব্বানী। স্বাগত বক্তব্য দেন জিএসজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ হোসেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’ (জেআইআর)-এর এসডিজিবিষয়ক একটি বিশেষ সম্পূরক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তব্য দেন জার্নাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ উজ জামান এবং আইইউবির জিএসজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের (সিএসএসআর) পরিচালক ও জার্নালটির অতিথি সম্পাদক অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসেইন। প্রকাশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও আইইউবির শিক্ষকদের প্রবন্ধ স্থান পেয়েছে। সকালের অধিবেশনে সমাপনী বক্তব্য দেন আইইউবির সহ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘ঢাকা ২০৩০: বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল নগরীর পরিচালনব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
সংলাপে ঢাকাকে বাসযোগ্য করে তুলতে ভূমির ব্যবহারভিত্তিক অঞ্চল নির্ধারণ (ল্যান্ড জোনিং) ও সমন্বিত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ঢাকার অধিকাংশ এলাকায় আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রম একসঙ্গে পরিচালিত হয়। এ দুই ধরনের এলাকার মধ্যে সুস্পষ্ট বিভাজন নেই। সবাই ফুটপাত দখলমুক্ত দেখতে চান। তবে হকাররা দেশের অনানুষ্ঠানিক অর্থনীতিতে অবদান রাখছেন। তাই বিকল্প জায়গার ব্যবস্থা না করে তাঁদের ফুটপাত থেকে উচ্ছেদ করলে সমস্যার টেকসই সমাধান হবে না।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের পরিকল্পনায় যানবাহন চলাচল, সবুজ পরিসর, নবায়নযোগ্য জ্বালানির সর্বোত্তম ব্যবহারসহ সামগ্রিক নগর প্রতিবেশ বিবেচনায় নিতে হয়। ঢাকা ও দেশের অন্যান্য বড় শহরকে আরও বাসযোগ্য করে তুলতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
টেকসই নগর ও জনবসতিবিষয়ক এসডিজি ১১-কে কেন্দ্র করে আয়োজিত এ সংলাপে ২০৩০ সালের মধ্যে ঢাকাকে আরও বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল করে তোলার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এতে আবাসন, নগর পরিবহন, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশন, জনস্বাস্থ্য, সড়ক নিরাপত্তা এবং নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়গুলো উঠে আসে।
নগর পরিচালনব্যবস্থার উন্নয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং পরিবেশগত ও সামাজিক সংকট মোকাবিলায় কার্যকর নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা। সংলাপের আলোচনা ও সুপারিশের ভিত্তিতে একটি নীতিপত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে জিএসজি বিভাগের।
সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। পরে ঢাকাকে বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল নগরী হিসেবে গড়ে তোলার পথে বিদ্যমান চ্যালেঞ্জ, নীতিগত অগ্রাধিকার ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এতে অংশ নেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ওয়াটারএইড বাংলাদেশ, একমাত্রা সোসাইটি ও প্রথম আলোর প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আইইউবির শিক্ষাবিদ এবং গবেষকেরাও অংশ নেন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে নগর পরিচালনব্যবস্থার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এসব সমস্যা মোকাবিলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে সমন্বিত নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন তারা। সংলাপ সঞ্চালনা করেন জিএসজি বিভাগের শিক্ষক মো. অহিদুজ্জামান। সমাপনী বক্তব্য দেন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ হোসেন।
দিনব্যাপী আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংকট, মারাত্মক দূষণের শিকার নদীগুলোর পরিবেশগত সমস্যা এবং নগর পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, গবেষণা ও নীতি বিশ্লেষণ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দিনের শেষ পর্বে আইইউবি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাব ‘গ্লোবাল গেটকিপার্স’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।