১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯

বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা

এনএসইউতে বিশেষ আলোচনা  © সৌজন্য প্রাপ্ত

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের মধ্যে মানবিক মর্যাদা রক্ষা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি সীমিত রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক আইন বাস্তবায়নে সংস্থাটির কার্যক্রম নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে (এনএসি ৬১৬) ‘আইসিআরসি’স রোল ইন আ ডিভাইডেড ওয়ার্ল্ড: পার্সোনাল রিফ্লেকশনস অব আ ডেলিগেট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস)। এটি ছিল অনুষদটির ডিস্টিংগুইশড লেকচার সিরিজের অংশ।

আলোচনায় মূল বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) বাংলাদেশে হেড অব ডেলিগেশন নিকোলাস পল অ্যালবিন ফ্লুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। সূচনা বক্তব্য দেন এসএইচএসএসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক মৃত্তিকা আনান রহমান।

মূল বক্তব্যে নিকোলাস পল অ্যালবিন ফ্লুরি আইসিআরসির কাঠামো, ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সশস্ত্র সংঘাতে সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, সশস্ত্র সংঘাত ও অন্যান্য সহিংস পরিস্থিতির শিকার মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় আইসিআরসি পক্ষপাতহীন, নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। মানবিক আইন ও সর্বজনীন মানবিক নীতিমালা প্রচার এবং শক্তিশালী করার মাধ্যমেও সংস্থাটি মানুষের দুর্ভোগ প্রতিরোধে কাজ করছে।

ফ্লুরি আরও বলেন, জেনেভা আইনের অধীনে আইসিআরসি একটি বেসরকারি সংস্থা বা প্রাইভেট অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃত। যুদ্ধের ক্ষয়ক্ষতি সীমিত রাখা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বিশ্ব যত এগিয়ে যাচ্ছে, জাতিগুলোর মধ্যে সংঘাত ও যুদ্ধ ততই প্রকট হয়ে উঠছে। বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই একটি বিভক্ত বিশ্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠী কেবল সম্পদ ও ক্ষমতার দিকেই মনোযোগ দিচ্ছে, আর ক্ষমতার এই আকাঙ্ক্ষা যখন এতটা তীব্র হয়ে ওঠে, তখন বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়ে।’

বিশ্ব যখন সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন আইসিআরসির ইতিবাচক অবদান আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংস্থাটির ভূমিকার কথাও স্মরণ করেন উপাচার্য। বিশেষ করে হলি ফ্যামিলি হাসপাতালের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে যুদ্ধশিশুদের সহায়তা এবং তাদের খুঁজে বের করে পরিবারের সঙ্গে পুনর্মিলনের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, ‘এটি কোনো বিভক্ত বিশ্ব নয়; বরং এটি অনেকটা ভেঙে পড়া এক বিশ্ব।’ তিনি বলেন, মানুষের জীবন ও মর্যাদা রক্ষার লক্ষ্য নিয়ে রেড ক্রস আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক নেটওয়ার্কে পরিণত হয়েছে।

বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশ যুদ্ধে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশ্রয়, পানি ও অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে আইসিআরসি নিবেদিতভাবে কাজ করছে। সংস্থাটির মানবিক কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে অর্জিত শ্রদ্ধার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সূচনা বক্তব্যে অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আইসিআরসি একটি স্বতন্ত্র ভূমিকা পালন করে। সুইস আইনের অধীনে প্রতিষ্ঠিত হলেও সংস্থাটির কার্যক্রম অনেক সরকারি আন্তর্জাতিক সংস্থার তুলনায় প্রকৃতিগতভাবে বেশি জনস্বার্থসংশ্লিষ্ট।

তিনি বলেন, হেনরি ডুনান্টের হাতে প্রতিষ্ঠিত আইসিআরসি শুরুতে আহত সৈনিকদের সহায়তায় কাজ করলেও সময়ের সঙ্গে এর কার্যক্রমের পরিধি বেড়েছে। বর্তমানে সংস্থাটি শুধু আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত নয়, গৃহযুদ্ধ ও অন্যান্য ব্যাপক সহিংস পরিস্থিতিতেও কাজ করছে।

মূল বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অতিথি বক্তা, শিক্ষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের ডিস্টিংগুইশড লেকচার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।