১৮ নভেম্বর ২০২৬, ২২:৪৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউরোপিয়ান ইউনিভার্সিটি উপাচার্যের

ইইউবি উপাচার্য ড. মো. গোলাম মরতুজা ও ইইউবির লোগো  © টিডিসি সম্পাদিত

‘প্রশাসকের কথায় নিয়োগ দিয়ে প্রশাসকের হাতেই চাকরি গেল উপাচার্য অধ্যাপক মরতুজা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) উপাচার্য নিজেই। তিনি ওই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন।

১৮ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া প্রতিবাদলিপিতে ইইউবি উপাচার্য বলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের (বিওএ) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যালস এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন আমাকে নিয়োগের ব্যাপারে ফোনে চার্জ ও জেরা করেছেন এবং তার চাপের মুখে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি-যা সর্বৈব মিথ্যা ও বানোয়াট। প্রকৃত সত্য হলো, আমাকে কেউ পদত্যাগের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ বা জবরদস্তি করেননি। আমি সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সজ্ঞানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে সিনিয়র সচিব, শিক্ষা মন্ত্রণালয় বরাবরে আবেদন করেছি। 

প্রতিবাদলিপিতে তিনি আরও লিখেন, আমার পদত্যাগের মূল কারণ সম্পূর্ণ ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতা। বর্তমানে আমার বয়স ৭৬ বছর। দীর্ঘদিন ধরে আমি ডায়াবেটিস, সায়াটিক ব্যথা এবং সম্প্রতি প্রোস্টেট-সংক্রান্ত জটিল রোগে ভুগছি। বয়সজনিত সীমাবদ্ধতা ও নিয়মিত চিকিৎসার প্রয়োজনেই আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা আমার পদত্যাগপত্রেও তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে তিনি নিজের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্নের পাশাপাশি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেন।

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনটি প্রকাশের আগে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। প্রতিবেদনে উপাচার্যের পদত্যাগের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তথ্য পাওয়া গেছে, তা প্রকাশ করা হয়েছে। এখানে প্রতিবেদকের ব্যক্তিগত কোনো বক্তব্য নেই।