১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮

কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আইইউবি

আইইউবি ক্যাম্পাস   © টিডিসি ছবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২ হাজার ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান ৯৬২তম। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের তুলনায় এবার ৫৪০ ধাপ এগিয়েছে আইইউবি।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং তৈরি করা হয়। গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ও পরিচালনব্যবস্থার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা এই র‍্যাঙ্কিংয়ে মূল্যায়ন করা হয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে আইইউবির এই অগ্রগতি টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান পরিচিতির প্রতিফলন। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থান অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রতিবছর এ র‍্যাঙ্কিং প্রকাশ করে।