বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নিজস্ব কাম্পাসে জাতীয় পর্যায়ের রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’ অনুষ্ঠিত হয়েছে। দেশের নামকরা ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০ এর অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়।
বিইউবিটির আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে এবং বিইউবিটির আয়োজনে শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে রোবটিকস ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী দক্ষতার বিকাশ এবং হাতে-কলমে প্রযুক্তিচর্চার সুযোগ তৈরি করা। প্রতিযোগিতাটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিইউবিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং ফ্যাকাল্টি অব সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মুনশী মাহবুবুর রহমান।
ফাস্টরোবোএক্স ১.০-তে অংশগ্রহণকারীরা রোবটিকস ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উদ্ভাবনী ধারণা, কারিগরি দক্ষতা এবং সৃজনশীল সক্ষমতা তুলে ধরার সুযোগ পান। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, দলগত কাজ এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, দেশের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০-এর অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ ফাস্টরোবোএক্স ১.০-কে একটি উল্লেখযোগ্য জাতীয় আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের বাস্তব প্রয়োগ, গবেষণামুখী চিন্তা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করে। প্রতিযোগিতাটির সার্বিক নেতৃত্বে ছিলেন জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আহসান হাবিব এবং অর্গানাইজিং চেয়ার মো. সাব্বির হাসান সোহাগ। তাদের দিকনির্দেশনা ও সাংগঠনিক প্রচেষ্টায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।
বিইউবিটির এ আয়োজন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনচর্চার প্রসারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।