১৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্ঠিত

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্ঠিত  © সংগৃহীত

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা যাচাই, সৃজনশীলতা বিকাশ ও ক্যারিয়ার ভাবনায় সহায়তার লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘সিভিস্পার্ক ১.০: ইগনাইট ইয়োর ইনার ইঞ্জিনিয়ারিং’। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব।

আয়োজনের অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হলো—ট্রাসস্পার্ক (পপসিকল ট্রাস চ্যালেঞ্জ), পোস্টার প্রেজেন্টেশন, অটোক্যাড কনটেস্ট ও মেমোরি বাজ। মেমোরি বাজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অন্য তিনটি প্রতিযোগিতায় অংশ নেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্যারিয়ার সেমিনার। এতে শিল্পখাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রাক্তন শিক্ষার্থী উদ্যোক্তারা বক্তব্য দেন। তাঁরা পুরকৌশল খাতের সম্ভাবনা, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিকেল সোয়া ৪টায় প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চারটি প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপদের জন্য মোট ২০ হাজার টাকা পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

প্রতিযোগিতাগুলোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইউবিএটির প্রভাষক ফারহান ফাহাদ তন্ময়, ইউএপির সহকারী অধ্যাপক ড. ইফতেখার আলম দীপ্ত এবং আইইউটির সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. সানিউল হক মাহী।

আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল প্রাইম ইঞ্জিনিয়ার্স, এস এম মাগুরা রিয়েল এস্টেট লিমিটেড, অ্যাড-হক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইভোলিউশন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য ডেইলি ক্যাম্পাস, রেডিও কার্নিভাল ও রাইজিংবিডি ডটকম।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।