বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ
রাজধানী উত্তরায় অবস্থিত বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন মোবারক হোসেন রাজু (২৪)। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। থাকতেন রাজধানীর ভাষানটেক এলাকায়, সেখানে একটি নির্মাণাধীন ভবনের কাজ তত্ত্বাবধান করতেন। প্রতি শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যেতেন।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরেও ভাষানটেক থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। তার পেছনের আসনে বসেছিলেন সহকর্মী ও নির্মাণ ঠিকাদার ফরিদুল ইসলাম সরদার (৪০)।
বেলা দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্দীন রোড সংলগ্ন উড়ালসড়কে দ্রুতগতির একটি পাজেরো পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
নিহত মোবারকের বাড়ি গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামে। তার বাবা মো. শফিকুল ইসলাম পেশায় কৃষক। অন্যদিকে নিহত ফরিদুলের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুরে। তার বাবার নাম শহীদুল ইসলাম সরদার।
মোবারকের বন্ধু ও সহপাঠী মো. হাসিব ব্যাপারী বলেন, দুপুরে হয়তো কাজ থেকে ফিরে ক্লাস করতেই মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুক্তভোগী দুই ব্যক্তি। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাজেরো জিপ। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত দুজনই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে মোবারক গাজীপুর সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক জিপটি শনাক্তের চেষ্টা চলছে।