জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন কিশোরগঞ্জের তরুণ জলবায়ুকর্মী ইনজামামুল হক পার্থ। বাংলাদেশের নগরগুলোকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল করে গড়ে তোলা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চান তিনি।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনসচেতনতা তৈরি, অ্যাডভোকেসি ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন পার্থ। বাংলাদেশের বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।
পার্থ মনে করেন, বাংলাদেশের নগরগুলোতে জলাবদ্ধতা, তাপপ্রবাহ, বায়ুদূষণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, জলসম্পদের সংকট এবং অপরিকল্পিত নগরায়ণ দিন দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত জলবায়ু পরিকল্পনা গ্রহণের পাশাপাশি স্থানীয় সরকার, নাগরিক সমাজ, যুব সংগঠন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, ‘কপ-৩১ এ বাংলাদেশের শহরগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা, নগর জলবায়ু অভিযোজন, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং ন্যায্য রূপান্তরের বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরতে চান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু নীতিনির্ধারণ নয়, স্থানীয় পর্যায়ে মানুষের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।’
ন্যায্য রূপান্তরের বিষয়ে পার্থ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শ্রমজীবী মানুষ, নারী, যুবসমাজ, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের স্বার্থ ও অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে সবুজ কর্মসংস্থান সৃষ্টি, যুব উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, অভিযোজন সহায়তা এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ প্রয়োজন। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের বাস্তবতা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হওয়া জরুরি।’
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি জলবায়ু ও সামাজিক বিভিন্ন ইস্যুতে কাজ করছেন পার্থ। অ্যাডভোকেসি, জনসচেতনতা তৈরি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে ঢাকায় প্রায় ১ হাজার ৪০০ স্বেচ্ছাসেবীর নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি Youth Foundation of Bangladesh-এর অবৈতনিক স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনটির জেলা প্রধান হিসেবেও কাজ করছেন।
নিজ জেলা কিশোরগঞ্জেও ব্যক্তিগত উদ্যোগে তরুণ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন পার্থ। বর্ষাকালে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, বন্যাদুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম এবং রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সময় স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিয়েছেন তিনি। এসব কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন।
পার্থের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের শুধু আলোচনার অংশ হিসেবে রাখলে হবে না, বরং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়াতেও যুক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী উদ্যোগ, জনসম্পৃক্ততা এবং যুব নেতৃত্বকে কাজে লাগাতে পারলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।